হেফাজতের দাবির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে নারী সমাজের মানববন্ধন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৫
হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছেন চাঁপাইনবাবগঞ্জের নারী সমাজ। সম্মিলিত নারী সমাজের ব্যানারে বিকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রফেসর সুলতানা রাজিয়া, নারী নেত্রী মর্জিনা হক, রোকসানা বেগম, মনোয়ারা বেগম, শান্তনা হক, ইয়াসমিন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নারীনীতি বিরোধী দাবি। এই দাবি পূরণ করা হলে নারীরা মধ্য যুগে ফিরে যাবে। অথচ দেশের অর্থনীতিতে এখন নারী সমাজ বিরাট ভূমিকা রেখে চলেছে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। কাজেই হেফাজতে ইসলামের অবাস্তব দাবি মেনে নেয়া যায় না।