আত্রাইয়ে সুবাস হত্যা মামলার সাত আসামি বেকসুর খালাস
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৬
আত্রাইয়ের ছাত্রদল নেতা সালামত চৌধুরী সুবাসের চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হয়েছে। রায়ে মোট সাত আসামির সকলেই বেকসুর খালাস পেয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক একরামুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। সালামত চৌধুরী সুবাস আত্রাই উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।
খালাসপ্রাপ্তরা হলেন আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামের ডাব্লু, মদনডাঙ্গা গ্রামের খোদাবক্স, রসুলপুর গ্রামের টপি, জাতোপাড়া গ্রামের সিরাজুল, পাঁচুপুর গ্রামের তারেক, নওগাঁর রাণীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মতিউর রহমান ও দেউলিয়া গ্রামের গৌতম শিলাল। এদের মধ্যে মতিউর রহমান ও তারেক অন্য মামলায় কারাগারে আটক আছেন।
উল্লেখ্য, ২০০৩ সালের ৩ এপ্রিল রাতে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে দোকান খান ডেকোরেটরে বসে থাকা অবস্থায় সুবাসকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল পূর্ব-বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) গেরিলা স্কোয়াড প্রকাশ্যে জবাই করে হত্যা করে। ঘটনার পর মোট ১২ জনকে আসামি করে নওগাঁ সদর থানায় পুলিশ মামলা দায়ের করে। পরবর্তী সময় র্যাব-পুলিশের সঙ্গে ক্রসফায়ারে মারা যান ৫ জন আসামি। এরা হলেন আত্রাই উপজেলার সৈয়দপুর গ্রামের সালাম ওরফে তপু, দমদমা গ্রামের দর্জয় ওরফে ফজেল, রসুলপুর গ্রামের সিও, আটগ্রামের নাসের ও রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের তিতাস ওরফে তপন।