পীরগাছায় পুলিশ হত্যা মামলায় জামায়াতের দুইনেতা গ্রেফতার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৭
রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের হরতাল চলাকালে পুলিশকে পিটিয়ে হত্যা মামলার আসামি জামায়াত নেতা শাহাজাহান আলী (৫৫) ও বুলু মিয়াকে (৩৮) গত বুধবার গ্রেফতার করেছে পীরগাছা থানার পুলিশ।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, গত ২৮ ফ্রেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতাল চলাকালে পুলিশ সদস্য মোজাহার আলীকে (৪৮) পীরগাছা রেল স্টেশন এলাকায় পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত ৬ মার্চ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পীরগাছা থানায় ৬৮ জনের নাম উল্লেখসহ এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর শাহাজাহান আলী ও ইটাকুমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বুলু মিয়া ওই মামলার এজাহারভুক্ত আসামি।