যশোরে হেফাজতের মহাসমাবেশ
নারী সাংবাদিকদের আসতে বারণ করলেন নেতৃবৃন্দ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৭
যশোরে আগামী ২৭ এপ্রিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এই মহাসমাবেশে দায়িত্ব পালনের জন্য নারী সাংবাদিকদের আসতে বারণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান হেফাজতে ইসলামের জেলা আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী। ঢাকার মহাসমাবেশে নারী সাংবাদিক নাদিয়া সুলতানার ওপর হেফাজতে ইসলামের কর্মীরা হামলা চালায়। এ অবস্থায় যশোরে কর্মরত নারী সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১৩ দফা বাস্তবায়ন দাবিতে ঐ মহাসমাবেশে বৃহত্তর যশোরের ৪টি জেলা (যশোর, ঝিনাইদাহ, মাগুরা ও নড়াইল) থেকে লোকসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছেন সংগঠনটির জেলা নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সিনিয়র নায়েবে আমীর রফিকুল ইসলাম প্রমুখ।