ইকুয়েডরে ভূমিধসে ১৪ জন নিহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫১
ইকুয়েডরের উত্তরাঞ্চলে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। ঘর-বাড়ি মাটির নিচে চাপা পড়ায় এসব লোকের প্রাণহানি ঘটে। বুধবার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ টুইটার বার্তায় জানায়, কলম্বিয়া সীমান্তবর্তী শহর তাবেতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী ইসমেরালদাস নগরীর মেয়র আর্নেস্টো ইস্তুমিনান জানান, ইসমেরাদাস প্রদেশের ওই শহরে গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। এতে করে মঙ্গলবার রাতে বহু ঘর-বাড়ি মাটির নিচে চাপা পড়ে যায় এবং এসব প্রাণহানি ঘটে। তিনি বলেন, হতাহতদের উদ্ধারের কাজ দ্রুত চলছে। এর আগে এ বছর জানুয়ারি মাসে একই ধরনের ভূমিধসে ১১ জন লোক মারা যায়।