মায়ের খুনিরা আমাকেও
হত্যা করতে
চায় :বিলাওয়াল ভুট্টো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫২
পাকিস্তানে আগামী ১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। প্রচারণাকালে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, তার মায়ের খুনীরা এখনো তত্পর। খুনীরা তাকেও হত্যা করতে চায়। খবর ডন এর। মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিলাওয়াল। নিরাপত্তার কারণে তিনি এ পদ্ধতি গ্রহণ করেন। পিপিপি চেয়ারম্যান বলেন, আমি নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিচ্ছি না। কেবল সহযোগিতা করছি। তিনি বলেন, আমি আপনাদের মধ্য থেকেই নির্বাচনে অংশ নিতে চাই। আমি জনসমক্ষে ভাষণ দিতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কারণ কায়েদে আজম এবং বেনজির ভুট্টোর খুনীরা আমাদেরও শেষ করে দিতে চায়। বিলাওয়াল বলেন, জুলফিকার আলী ভুট্টো এবং বেনজির ভুট্টোর মতো আমিও একদিন নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেব। কিন্তু সেই পর্যন্ত আমি নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতে চাই। এ সময় তিনি পিপিপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে আবারো সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান।