প্রযুক্তি সহায়তা দিতে আগ্রহী রাশিয়া

তেল-গ্যাস অনুসন্ধানে রাশিয়া পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশের তেল-গ্যাস খাতে এই প্রযুক্তিগত সহায়তা দিতে চায় রাশিয়া। এজন্য বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা দেবে তারা। বৃহস্পতিবার তেল ও গ্যাস অনুসন্ধান প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের শেষদিনে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা এই আগ্রহ দেখান। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহম্মদ এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদসহ রাশিয়ার ৪৬ সদস্যের একটি প্রতিনিধিদল। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগ এবং পেট্রোবাংলার সহযোগিতায় গত বুধবার সকালে এ সম্মেলন শুরু হয়। দুইদিনের সেমিনারে রুশ বিশেষজ্ঞদের ৮টি এবং বাংলাদেশি বিশেষজ্ঞদের ২টি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। রুশ বিশেষজ্ঞদের প্রবন্ধগুলোতে মূলত রাশিয়ায় কিভাবে তেল-গ্যাস অনুসন্ধান করা হয় তা বিস্তারিত আলোচনা করা হয়। বলা হয়, বাংলাদেশে গ্যাস কূপ খননের ক্ষেত্রে হাই প্রেসার জোন অতিক্রম করা না গেলেও রাশিয়াতে হাই প্রেসার জোন অতিক্রম করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাই প্রেসার জোন অতিক্রম করে তেল-গ্যাস অনুসন্ধান করছে। সেমিনার শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানান, বাংলাদেশের তেল-গ্যাস অনুসন্ধানের জন্য সহযোগিতা দিতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা জোরদার করা হবে। পেট্রোবাংলার কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করবে তারা। দুই দেশের মধ্যে তেল-গ্যাস খাতের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্মেলনের প্রথমদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের জন্য কম্পিউটার, সফটওয়্যার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়েছে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল।