‘রানা প্লাজা’ নির্মাণে অনিয়ম খতিয়ে দেখবে দুদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:০২
সাভারে ধসে পড়া ভবনের নির্মাণ, অনুমোদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে এবং তা দুদকের এখতিয়ারভুক্ত অপরাধ হলেই ভবন মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে সচিব মো.ফয়জুর রহমান চৌধুরী একথা বলেন। দুদক সচিব বলেন, ভবনটি নির্মাণের ক্ষেত্রে অনুমোদন, নির্মাণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখবে দুদক। কোনো অনিয়ম ঘটলে ভবনের মালিক ও সম্পৃক্ত সরকারি কর্মকর্তা, রাজউক ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পদ্মসেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা তদন্তে দুদকের ২ সদস্যের টিম কানাডা যাচ্ছে। ইতিমধ্যে তারা ভিসা পেয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব। তিনি বলেন, গত মঙ্গলবার দুদক টিম কানাডার ভিসা পেয়েছে। সামনের শুনানিতে তারা কানাডার আদালতে অংশ নেবে।