সাভারে ভবন ধস দুর্ঘটনা নয় গণহত্যা : মওদুদ

সরকার ইচ্ছাকৃতভাবে মৃত্যুকুপে ঠেলে দিয়ে এতগুলো মানুষ হত্যা করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সাভারের ভবন ধস নিছক কোনো দুর্ঘটনা ছিল না, এটা হত্যাকাণ্ড, এটাকে গণহত্যা বলা যেতে পারে। তিনি নিহত ও যারা পঙ্গু হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে এক সপ্তাহের মধ্যে বিশ লাখ করে টাকা দেয়ার দাবি করেন। তিনি বলেন, এতবড় একটি দালান তৈরিতে যে ধরনের নিয়ম-কানুন মেনে চলতে হয়, তা মানা হয়নি। এজন্য ভবনের মালিক যুবলীগের নেতা সোহেল রানা ও স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং দায়ী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাভারের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, ড. ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল, খায়রুল কবির খোকন প্রমুখ।