চট্টগ্রামে জব্বারের বলী খেলায় দিদার বলী চ্যাম্পিয়ন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:২৩
চট্টগ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতার আসর আবদুল জব্বারের বলী খেলা গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর লালদীঘি ময়দানে বলী খেলার ১০৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার দিদার বলী। প্রায় ৫ মিনিট ধরে চলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিদারের কাছে হার স্বীকার করেন গতবারের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলী বলী। দিদার এ নিয়ে দশবার জনপ্রিয় এ কুস্তি প্রতিযোগিতার আসরে শিরোপার স্বাদ পেলেন। সেমিফাইনালে দিদার রাউজানের ইকবাল বলীকে অনায়াসে ধরাশায়ী করেন। এছাড়া প্রথম সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রামুর মনজুর আলম বলীকে পরাজিত করেন অলী বলী। বলী খেলার প্রথম রাউন্ডে ৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে গতকাল বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। এর আগে বর্ণাঢ্য পরিবেশে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ। এদিকে আবদুল জব্বারের বলী খেলা উপলক্ষে গত মঙ্গলবার থেকে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকাজুড়ে শুরু হওয়া চার দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিন আজ। কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান সাজিয়েছেন।