কাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদী নারী গণসমাবেশ

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশের প্রত্যয়ে ২৭ এপ্রিল প্রতিবাদী নারী গণসমাবেশের তারিখ অপরিবর্তীত রেখেছে দেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলো। সাভার ট্র্যাজিডির জন্য তা ২৭ তারিখে না হওয়ার যে আশঙ্কা ছিল, রাতে তা দূর করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ইত্তেফাককে এ খবর নিশ্চিত করে বলেন, ২৭ এপ্রিল শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারার সামনে এ সমাবশ শুরু হবে। এর আগে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা গণসমাবেশের উদ্দেশ্য ও দাবির কথা জানান। তারা বলেন, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলকে এই সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে। এদিকে সাভারে ভবন ধসে নিহত ও আহতদের সহযোগিতা এবং দুঃখ ভারাক্রান্ত এই পরিস্থিতি বিবেচনা করে একই দিনে গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে সাভারে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মজীবী নারীর সভাপতি শিরিন আক্তার, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবীর, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ। আয়শা খানম বলেন, দেশের প্রগতিশীল, সুশীল সমাজ নারীর অবস্থান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারপরও নারীর পথরোধ করার অপচেষ্টা অব্যাহত আছে। তিনি সাভারে নিহতদের উদ্দেশে বলেন, আজ আমাদের বোনরা নিহত হচ্ছেন। ২০০৪ সাল থেকে পোশাকশিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়ার বিরুদ্ধে নিন্দা জানান তিনি। শিরিন আক্তার বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা আরো বেশি সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবো। রোকেয়া কবীর বলেন, ধর্মকে ব্যবহার করেন ধর্ম ব্যবসায়ীরা। তারা নারীর চলার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের আহ্বায়ক নাসিমুন আরা মিনু। এতে বলা হয় দেশের অর্থনীতির চাকা নারীরা সচল রাখলেও তাদের জীবনের কোন মূল্য নেই, নেই নিরাপত্তা। সাভারের এই ঘটনা নতুন কোন ঘটনা নয় বলেও তারা উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনের শেষে প্রেসক্লাবের সম্মুখে এক প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন নারী ও মানবাধিকার সংগঠনের কর্মীরা। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, উইমেন ফর উইমেন এর জাকিয়া কে হাসান, স্টেপ টুওর্য়াড ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, আদিবাসী ফোরামের চৈতালী ত্রিপুরা প্রমুখ।