মসজিদের মাইকে মানুষ খুন করার আহ্বান কোন ইসলাম :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ফটিকছড়িতে যারা মধ্যযুগীয় তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে—তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি প্রশ্ন করে বলেন, জামায়াত-বিএনপি কোন ইসলামের কথা বলে? সেদিন যে সব মসজিদের মাইক থেকে মসজিদ ভাংচুর এবং মাদ্রাসার সুপারকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মিথ্যা ঘোষণা প্রচার করা হয়, সেসব মসজিদের ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদ থেকে আল্লাহর কথা বলা হয়, কিন্ু্ত মানুষ খুন করার আহবান—এটা কোন ইসলাম? গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে স্থানীয় কলেজ মাঠে ছাত্রলীগের মিছিলে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, মিরেশ্বরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সকলেই ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবির জানান। নাসিম বলেন, আমি দুঃখ ভারাক্রান্ত মনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আপনাদের মাঝে এসেছি। এখানে যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে তা কোন সভ্য মানুষ করতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগের ভুল থাকতে পারে, ফেরেশতারও ভুল হয়, এ জন্য প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু কাউকে হত্যার অধিকার কারো নেই। মোহাম্মদ নাসিম আরো বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার। সেজন্যই জনগণ আমাদের ভোট দিয়েছে। কিন্ত যুদ্ধাপরাধীদের বাঁচাতে বেগম খালেদা জিয়া আন্দোলন করছেন। এসময় তিনি বিরোধী নেত্রীর উদ্দেশে বলেন, আমাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আপনার আন্দোলন আমাদের দেখা আছে, নিজেরা না পেরে জামায়াতকে হায়ার করেছেন, কিন্ু্ত আপনাদের দিবাস্বপ্ন বাংলার মানুষ কখেনোই পূরণ হতে দেবে না।