স্বরাষ্ট্রমন্ত্রীকে কথাবার্তায় সংযত হওয়ার পরামর্শ হানিফের

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে কথাবার্তায় সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উল্টা-পাল্টা কথা না বলে যাদের অবহেলায় এই ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করে আইনের আওয়তায় নিয়ে আসুন। গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে গাজীপুরে আওয়ামী শ্রমিক লীগের সমাবেশ উপলক্ষে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, ‘সাভার ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পরিষ্কার করুন। একটা দৃষ্টান্ত স্থাপন করুন।’ এ সময় তিনি সাভারের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান। বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্দেশে হানিফ বলেন, ‘সাভার ট্র্যাজেডিতে নিহতদের দাফন এবং আহতদের সুচিকিত্সা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ দিন সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করুন। সাভার ট্র্যাজেডিতে সব কাজে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এরপর আবারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন করুন।’ শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান শিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা ফজলুল হক মন্টুসহ সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতারা। উল্লেখ্য, বুধবার বিবিসি বাংলায় এক সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি জানতে পেরেছেন যে, বুধবার হরতাল সমর্থকরা রানা প্লাজায় ঢুকে ক্ষতিগ্রস্ত অংশ নাড়াচাড়া করেছিল। এ দুর্ঘটনার জন্য এটি একটি কারণ হতে পারে। এ কথার পরিপ্রেক্ষিতে হানিফ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে উপরোক্ত কথা বলেন।