সাভারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:২৮
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। এ ঘটনায় সারাদেশে বিএনপির পক্ষ থেকে গতকাল শোক কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল দলের ঢাকা জেলার সভাপতি আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, উদ্ধার তত্পরতা পর্যাপ্ত নয়। লাশের মিছিল দেখেছি। তিনি বলেন, আমরা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবন মালিক স্থানীয় যুবলীগ নেতা। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
সাভারের ঘটনা হত্যাকাণ্ড : হান্নান শাহ
সাভারের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেছেন, এটা কোন ভাবেই দুর্ঘটনা হতে পারে না। শ্রমিকদের ডেকে এনে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য সরকারের চেলাচামুন্ডারা দায়ী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংসদ এ সভার আয়োজন করে।