সরকার সোহেল রানাকে দেশ থেকে পালিয়ে যেতে ব্যবস্থা নিচ্ছে
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২৩:২৮
সাভারে ভবন ধসের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে দায়িত্ব থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। তিনি বলেন, তার মতো একজন অপ্রকৃতিস্থ ব্যক্তির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রাষ্ট্র ও জনগণের জন্যে বিপজ্জনক। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাভারে ভবন ধসের ঘটনায় সংগঠনটি আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দোষী ব্যক্তিদের আড়াল ও রক্ষা করার প্রচেষ্টা এখনই শুরু করেছেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে সরকার ঐ ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে দেশ থেকে পালিয়ে যেতে ব্যবস্থা নিচ্ছে।
উদ্ধার কাজে সরকারের শিথিলতার অভিযোগ এনে তিনি বলেন, উদ্ধার কাজ অত্যন্ত শ্লথভাবে চলছে। সরকারের পক্ষ থেকে চাপাপড়া শ্রমিকদের উদ্ধারের ক্ষেত্রে আমরা দৃঢ়পূর্ণ চেষ্টা দেখছি না। সেখানে সাধারণ মানুষই প্রধান ভূমিকা রাখছেন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব ও সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি ও সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ।