নরসিংদীতে ব্লক প্রিন্টিং কেন্দ্র উদ্বোধন
নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪২
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা নয়, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন চাই। আলোকের এই ঝর্নাধারায়.... গ্রাম বিকাশ সহায়ক সংস্থা আয়োজিত ১৪২০ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদযাপন ও প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের ব্লক প্রিন্টিং কেন্দ্র উদ্বোধন উপলক্ষে সম্প্রতি নরসিংদী সদর উপজেলার ভূইয়ম (বেলাব ডেপুটি বাড়ী) সন্দীপন একীভূত প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্নার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. একেএম অলিউল্যা।
সংস্থার প্রধান উপদেষ্টা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ্যামেরিটাস ডা. রশিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্র নির্মাতা এসবি বিপ্লব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সন্দীপন একীভূত প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক বাহাউদ্দিন আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বাসস জেলা সংবাদদাতা মো. আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হামিদা বানু, বিশিষ্ট নাট্যশিল্পী শামীম আরা নীপা, নরসিংদী সহকারী পুলিশ সুপার সদর মো. ফারুক আহমেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কাশেম, মরিয়ম বেগম লিমা প্রমুখ। বক্তাগণ বলেন, দেশ ও জাতি গঠনে প্রতিবন্ধীরা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়।
প্রতিবন্ধীদেরকে অবহেলা না করে তাদেরকে সমাজের সর্বস্তরে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানান। গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সন্দীপন একীভূত প্রতিবন্ধী স্কুলের ৫৭ জন প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবর্গরা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী কিশোর-কিশোরীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলে।