দেশের ২৫ শতাংশ মানুষ যক্ষ্মা জীবাণু বহন করছে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪২
গতকাল রোববার চিরিরবন্দর উপজেলার পশ্চিম সায়তারা এস সি উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যক্ষ্মা প্রতিরোধে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দিনাজপুর কালিতলাস্থ বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ মাসতুরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ধনঞ্জয় রায়। স্বাগত বক্তব্য রাখেন নাটাবের আঞ্চলিক প্রতিনিধি (দিনাজপুর অঞ্চল) মোঃ কাওসার উদ্দিন। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আলতাফ হোসেন, আবু মুসা ও নুরনাহার খাতুন। বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ যক্ষ্মা রোগের জীবাণু বহন করছে। বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। দেশে ৪ জনের মধ্যে ১ জনের শরীরে যক্ষ্মার জীবাণু রয়েছে। প্রতি ২ মিনিটে ১ জন এ রোগে আক্রান্ত হচ্ছে এবং ১০ মিনিটে ১ জনের মৃত্যু ঘটছে। যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে মানুষ বানাবার কারিগর শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম।