গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বরফের উপর দিয়ে গাড়ি চালানোই যেখানে বেশ কঠিন একটি কাজ সেখানে এ ধরনের কোনো পরিস্থিতিতে গতির ঝড় তুলে রেকর্ড বুকে স্থান করে নেওয়া নিঃসন্দেহে আরও কষ্টকর একটি কাজ। আর কঠিন এই চ্যালেঞ্জকে জয় করার মধ্য দিয়ে যিনি গিনেজ বুকে নাম লিখিয়েছেন তিনি হলেন ফিনল্যান্ডের নোকিয়ান টায়ারের হয়ে গাড়ি চালানো দক্ষ চালক জেন লেইটিনেন। কিছুদিন আগে ফিনল্যান্ডের গালফ অব বথনিয়ার জমাটবাঁধা বরফের সাগরে ৩৩৫.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা বা ২০৮.৬২ মাইল/ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে বরফের উপর সবচেয়ে দ্রুত গাড়ি চালানোর এই রেকর্ড গড়েন। এখানে উলে¬খ করা প্রয়োজন যে অডি আরএসসিক্স মডেলের যে গাড়িটি দিয়ে লেইটিনেন এই গতির রেকর্ড গড়েন সেটির সাথে সংযুক্ত বিশেষভাবে তৈরি করার কোনো টায়ার ছিল না। বরং শীতপ্রধান দেশে গাড়ি চালানোর জন্য সাধারণত যে ধরনের টায়ার বাণিজ্যিকভাবে বিক্রি করা হয় সে ধরনের টায়ারই ছিল লেইটিনেনের গতির সঙ্গী।