বিশ্বনাথে চলছে অট্টালিকা তৈরির নীরব প্রতিযোগিতা
তজুম্মুল আলী বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৫
সিলেটের বিশ্বনাথে গ্যাস ও আনুষঙ্গিক জিনিসপত্রের অভাবে গড়ে উঠতে পারছে না কোন উত্পাদনমুখী কল-কারখানা। এদিকে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবাসীরা কারিগরি বা অন্য কোন উন্নয়নমুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। ফলে প্রবাসীরা টাকা বিনিয়োগ করছেন অট্টালিকা বাসা-বাড়ি, মার্কেট এবং কমিউনিটি সেন্টার তৈরিতে। অনেকের আবার কোটি টাকা পড়ে আছে বিভিন্ন ব্যাংকে। ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলা প্রবাসীদের পাঠানো প্রায় দুই শত কোটি টাকা বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে। বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের সংখ্যা প্রায় দেড় লাখ। কারো কারো মতে আরো বেশি। এসব প্রবাসীর বৃহত্ একটি অংশের বসবাস স্বপ্নের দেশ লন্ডনে। জানা যায়, বিশ্বনাথে উত্পাদনমুখী কল-কারখানা গড়ে না উঠার প্রধান সমস্যা হচ্ছে গ্যাস। এ ছাড়া নিয়মিত বিদ্যুতের লোডশেডিং, শ্রমের উচ্চমূল্য, রাজনৈতিক অস্থিতিশীলতাও দায়ী। আর তাই বিশ্বনাথের প্রবাসীদের পাঠানো টাকার বেশির ভাগই বাড়ি নির্মাণ, ফ্ল্যাট বা জমি কেনায় ব্যয় হচ্ছে। উপজেলার আনাচে-কানাচে কোটি টাকা মূল্যের অসংখ্য বাড়ি রয়েছে। প্রবাসীদের মধ্যে সুরম্য বাড়ি তৈরি নিয়ে চলছে নীরব প্রতিযোগিতা।
উপজেলার বিশ্বনাথ (সদর) ইউনিয়ন ও দশঘর ইউনিয়নে প্রবাসী সংখ্যা বেশি থাকায় এখানে আলিশান বাড়ির সংখ্যা শতাধিক। যেসব বাড়ি বানানো হয়েছে সেগুলোর গড় খরচ প্রায় ১ থেকে ২ কোটি টাকা। যদিও ইদানিং অনেক প্রবাসী তাদের টাকা শিক্ষার প্রসারে ব্যয় করছেন। উপজেলার কয়েকজন প্রবাসীর ভাষ্য, যারা প্রবাসে থাকেন তাদের অনেকেরই অতীত জীবন কেটেছে আর্থিক কষ্টে। প্রবাসে গিয়ে তারা পাউণ্ড-ডলার আয় করে নিজের মনের মতো কিছু করতে চান নিজ জন্মভূমিতে।