৮ বছরেও শেষ হলো না সুরমা সেতু
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৭
৮ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের সুরমা সেতুর কাজ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় সেতুর নির্মাণ কাজ শেষ করা যাচ্ছে না। সুরমা সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০০৫ সালে। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটির দু’বার নকশা পরিবর্তন ও তিনবার মূল্য পুনঃনির্ধারণ করা হয়। ঠিকাদারও পরিবর্তন করা হয় দু’বার। তারপরও কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে, মূল সেতুর কাজ না করে সংযোগ সড়কের কাজ শেষ করে ফেলেছেন ঠিকাদাররা ও সওজ। সেতু না থাকায় সুরমা নদী পার হতে লোকজনকে ১ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, অজানা কারণে সেতুটির কাজ শেষ হচ্ছে না। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে হাওর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ অর্থনৈতিক বিপ্লব ঘটবে। সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান বলেন, যোগাযোগমন্ত্রী ফেব্রুয়ারি মাসে সেতুটি পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। আশা করি তার নির্দেশমত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।