‘স্বরাষ্ট্রমন্ত্রীর লাগামহীন বক্তব্য অগ্রহণযোগ্য’

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি বলেছেন, সাভার ট্রাজেডির জন্য রাজউকই দায়ী। রাজউক রানা প্লাজার নির্মাণ কাজের দায়-দায়িত্ব কোনভাবে এড়াতে পারে না। যেখানে এ ঘটনায় রাজউক আসামি হবার কথা, সেখানে হয়েছে বাদী। গতকাল শুক্রবার ব্যারিস্টার খোকন তার নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নিলাম হা্ট আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। ব্যারিস্টার খোকন বলেন, সাভারের ঘটনায় পূর্তমন্ত্রীর কোন বক্তব্য নেই। প্রধানমন্ত্রীও কোন জবাবদিহিতা চেয়েছেন বলে মনে হয় না। যে কোন গণতান্ত্রিক ও সভ্য দেশে হত্যাকাণ্ড ও মৃত্যুর দায় নিয়ে পূর্তমন্ত্রী পদত্যাগ করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন ও অযাচিত লাগামহীন বক্তব্য কোনভাবে গ্রহণযোগ্য নয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান কুতুবউদ্দিন সানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ বিশেষ অতিথি ছিলেন। বিএনপি নেতা আনোয়ার পাশা কামাল ও দিদারুল আলম বক্তব্য রাখেন।