আজ জলঢাকায় গণহত্যা দিবস
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
আজ ২৭ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা হিন্দু সম্প্রদায়ের প্রায় চারশ’ মানুষকে নির্বিচারে হত্যা করে। পরে এসব মানুষকে একটি গর্তে মাটি চাপা দেয়া হয়। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অবজ্ঞা-অবহেলায় অনেকটাই ম্লান হয়ে গেছে। আর স্মৃতিফলকে খোদাই করা নামগুলোর বেশিরভাগই এখন অস্পষ্ট। উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমের একটি ছোট বাজার কালিগঞ্জ, যা বর্তমানে বঙ্গবন্ধু বাজার নামে পরিচিত। ’৭১-এর এই দিনে নিরপরাধ আশ্রয়কামী প্রায় চার’শ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে যাওয়ার উদ্দেশ্যে সমবেত হয় কালিগঞ্জে। এ সময় স্থানীয় রাজাকারদের মাধ্যমে সংবাদ পেয়ে পাক-হানাদার বাহিনীর চারটি কনভয়ে সেনা সদস্যরা এসে নামে ওই এলাকায়। তাদের সঙ্গে যোগ দেয় রাজাকাররা। ভারতগামী মানুষজন কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর নির্বিচারে চালানো হয় ব্রাশ ফায়ার। এতে অনেকেই মারা যায়। অনেকেই থাকে অর্ধমৃত। এ অবস্থায় তাদেরকে রাস্তার পাশের একটি গর্তে মাটি চাপা দেয়া হয় । এলাকাবাসীর অভিযোগ ৭১’র এহেন জঘন্য হত্যাকাণ্ডের দিনটিকে স্মরণ করতে সরকারি কিংবা বেসরকারিভাবে কোন উদ্যোগ নেয়া হয় না এমনকি বছরের এই একটি দিনও খোঁজ নেয়া হয় না শহীদ পরিবারগুলোর।