রাজৈরে সংবাদ সম্মেলন

আইন-শৃংখলার চরম অবনতিতে উদ্বেগ

রাজৈর উপজেলার সর্বত্র আইন-শৃংখলার চরম অবনতি ঘটায় ও আওয়ামী লীগ সভাপতির স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট নজরুল ক্লাবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আওয়ামী ঘরানার ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আহবানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব মিয়ার বিরুদ্ধে নানা কৌশলে থানা ও উপজেলা প্রশাসনকে জিম্মি করে রাখা, প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, এলাকায় গ্রুপিং তৈরি করে বিশৃংখলা সৃষ্টি ও ফায়দা লোটাসহ কাজ না করেই কাবিখা ইত্যাদির মালামাল ভাগ-বাটোয়ারার অভিযোগ আনা হয়। অন্যদিকে ওসির উদাসীনতা, অবহেলা ও কর্তব্যনিষ্ঠার অভাবে রাজৈরের আইন-শৃংখলার চরম অবনতির অভিযোগ উত্থাপন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল আমীন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সেকান্দার আলী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ জমিরউদ্দিন খান, চেয়ারম্যান সিরাজুল হক মোল্যা প্রমুখ । উল্লেখ্য, গত ১৫ দিনে এখানে ৭টি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এসব সংঘর্ষে মহিলাসহ দু’জন নিহত ও ৭০ জন আহত হয়। এখনো চলছে ঘরে ঘরে লুটপাট, অগ্নিসংযোগ। এব্যাপারে রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। ওসি ও উপজেলা প্রশাসন (নির্বাহী অফিসার) জানান, সরকারী নিয়মনীতি মোতাবেক প্রশাসন চলছে ।