নরসিংদী বিএনপির সাবেক সভাপতি খুন

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গনেরগাঁও গ্রামে শিলমান্দী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নানকে (৬২) গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, আব্দুল হান্নান রাত সাড়ে ৭টায় স্থানীয় আব্দুল্লাহ বাজার থেকে বাড়ি ফেরার পথে গনেরগাঁও গ্রামের একটি পুকুরের পাড়ে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে ধরে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল ইসলাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন তারা। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুর কবির খোকন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।