যৌতুক না দেয়ায় স্ত্রীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা!

গত বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার জয়তুল গ্রামে এক পাষণ্ড স্বামী গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে তার স্ত্রী নাছিমা খাতুনের(৩২) গাল ও মুখ পুড়িয়ে দিয়েছে। বর্তমানে নাছিমা কাহালু হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জানা যায়, কাহালু উপজেলার সিন্দুরাইল গ্রামের মৃত আমির আলীর কন্যা নাছিমার সঙ্গে ১১ বছর পূর্বে একই উপজেলার জয়তুল গ্রামের মৃত বংক মনছুরের পুত্র দিনমজুর আব্দুল মোতালেব ওরফে মিন্টুর (৩৭) বিয়ে হয়। নাছিমার পিতার মৃত্যুর পর স্বামী মিন্টু শ্বশুরবাড়ির জমি বিক্রি করে তাকে নগদ ২ লাখ টাকা দেয়ার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে কিন্তু নাছিমা জমি বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে মিন্টু তার প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকে। এর জের ধরে মিন্টু গত বৃহস্পতিবার সকালে নাছিমার হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুজে লোহার হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মাথার চুল কেটে দেয় এবং ইস্ত্রি গরম করে গাল ও মুখে ছ্যাঁকা দেয়। এরপর তাকে ঘরের মধ্যে হাত-পা বেঁধে তালাবদ্ধ করে রাখে। শুক্রবার সকালে স্বামী তার বাঁধন খুলে দিলে নাছিমা পালিয়ে গিয়ে একই গ্রামের আজাহার মুন্সির বাড়িতে আশ্রয় নেন। স্বামী মিন্টু সেখানে গিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে আবার মারপিট শুরু করলে গ্রামের লোকজন ও মানবাধিকার কর্মী নাছিমা বেগম এগিয়ে আসেন এবং কাহালু থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নাছিমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নাছিমা বাদি হয়ে কাহালু থানায় স্বামী মিন্টু ও শাশুড়ি মনোয়ারা বেগমের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে মিন্টু পলাতক।