চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৮
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী (সিনিয়র মিনিস্টার অব স্টেট) ব্যারনেস ওয়ার্সি বলেছেন, রাজনীতিতে সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। আমরা চাই সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে। যাতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়। বৃহস্পতিবার লন্ডন সফররত পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক শেষে ব্যারনেস ওয়ার্সি এ কথা বলেন। ঢাকায় পাওয়া খবরে এ কথা জানা যায়।
বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী সাভারে একটি বহুতল ভবন ধসে দুই শতাধিক মানুষ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বৈঠকে আসন্ন নির্বাচন, সাম্প্রতিক সহিংসতা, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ওয়ার্সি বলেন, ২০১৪ সালের সংসদীয় নির্বাচন হওয়ার কথা। এ কারণে চলতি বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।