সাতক্ষীরায় জামায়াত নেতা সাইদুরসহ দুইজন গ্রেফতার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৯
সাতক্ষীরায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ গতকাল শুক্রবার জামায়াত নেতা হাফেজ মাওলানা কাজী সাইদুর রহমানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শহরের সুলতানপুর এলাকা থেকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় সদর আসনের সাবেক এমপি মরহুম কাজী শামসুর রহমানের ছেলে জেলা জামায়াতের রোকন ও সুলতানপুর শাহী মসজিদের ইমাম হাফেজ মাওলানা কাজী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ জানান, তার বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওঃ দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে শহরে মিছিল করার সময় ছাত্রলীগ নেতা মামুন হত্যা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে মামলা থাকায় তাকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর আবু হুরায়রাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ও হরতালে নাশকতা সৃষ্টি, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুপচাঁচিয়ায় জামায়াতের
সুরা সদস্য আটক
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদীঘি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র উপজেলা জামায়াতের সূরা সদস্য মোজাম্মেল হক বাচ্চুকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জামায়াত নেতা বাচ্চুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ মার্চ এ উপজেলা সদরে জামায়াত-শিবিরের সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি এবং আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দায়ের করা পৃথক ৪টি মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।