পাকিস্তানে ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন

পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদদের মধ্যে একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। আইন লঙ্ঘনকারীদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে কমিশন। আগামী ১১ মে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচন উপলক্ষে সমপ্রতি রাজনীতিবিদদের মধ্যে ব্যক্তিগত আক্রমণের পরিমাণ বেড়ে যায়। -খবর ডন এর। গতকাল শুক্রবার কমিশন এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত আক্রমণ নির্বাচনী আইনের আচরণবিধির লঙ্ঘন। সমপ্রতি প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর লিখিতভাবে রাজনীতিবিদদের মধ্যে একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণের বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনেন। এর আগে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিভিন্ন মন্তব্য করেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতারা।