গফরগাঁয়ে বিএনপির ১৩ নেতা-কর্মী আটক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৪০
ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শুক্রবার থানা পুলিশ উপজেলার ৩টি গ্রামে বিএনপি নেতাকর্মীদের ২ শতাধিক বাড়িতে চিরুনী অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।
জানা যায়, গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গফরগাঁও, পাগলা, ত্রিশাল, ভালুকা থানার ও ময়মনসিংহের পুলিশ লাইনের দেড় শতাধিক পুলিশ সদস্য দুপুর ৩টার দিকে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের নিজ গ্রাম ষোলহাসিয়া, পার্শ্ববর্তী জন্মেজয় ও পুখুরিয়া গ্রাম ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর তছনছ করে। এ সময় পুলিশ উপজেলা বিএনপি নেতা ও সালটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, আবু বক্কর, সেলিম, সাদ্দাম, ফারুক, মানিক, আল আমিন, কায়সারসহ ১৩ জনকে আটক করে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ১৮ দলের ডাকা হরতাল চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গফরগাঁও-ভালুকা সড়কে গ্রিভেন্সি গ্রুপের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গ্রিভেন্সি গ্রুপের গাড়ি চালক ইউসুফ আলী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি ধরতে গিয়ে গত বৃহস্পতিবার সকালে গফরগাঁও সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ও ওসি সাইফুল ইসলাম ফরাজি বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ হয়ে লাঞ্ছিত হন।