‘হোয়াটসঅ্যাপ’ বাটন থাকছে নকিয়ার আশাতে
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ১৯:১৩
নকিয়ার আশা সিরিজের সর্বশেষ এক মোবাইল ফোনে যুক্ত করা হয়েছে ‘হোয়াটসঅ্যাপ’ নামের বিশেষ বাটন। এই অ্যাপ্লিকেশনটি মূলত একটি ক্রস-প্ল্যাটফর্ম ম্যাসেজিং সার্ভিস, যা এসএমএস সার্ভিসের বিনামূল্যের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই অ্যাপ্লিকেশনটির জন্য নকিয়ার আশা সিরিজের এই মোবাইল ফোনটিতেই প্রথম কোনো বাটন পৃথকভাবে যুক্ত করা হয়েছে। নকিয়া তাদের নিজস্ব সিরিজ ৪০ অপারেটিং সিস্টেমে চালু রেখেছে আশা সিরিজের আশা ২১০ ফোনটি। যারা নকিয়ার উইন্ডোজ ফোনের বিকল্প হিসেবে স্বল্পমূল্যে ফোন কিনতে চান, তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ফোন। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, এর মূল্য রাখা হয়েছে ৭২ ডলার। ২.৪ ইঞ্চি ডিসপ্লে’র ডিভাইসে অবশ্য নেই টাচস্ক্রিন। বরং এতে থাকছে ‘কোয়ার্ট’ কিবোর্ড। পূর্ণাঙ্গ কিবোর্ডের বাইরে অন্যান্য বাটনের সাথেই রয়েছে বিশেষ ‘হোয়াটসঅ্যাপ’ বাটনটি। নকিয়া তাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটির বিশেষ বাটন সংযুক্ত নিয়ে যথেষ্টই আশাবাদী। তারা ধারণা করছে, অ্যাপ্লিকেশনটিও দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।