শেষ হলো সৈয়দ শামসুল হক নাট্যোত্সব

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রাঙ্গণেমোর নাট্যদল গত ১৯ এপ্রিল আয়োজন করে ৮ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোত্সব ‘জাগো বাহে কোনঠে সবাই’ নাট্যোত্সব-২০১৩ শীর্ষক এই নাট্যোত্সব শেষ হয়েছে গতকাল। গতকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রাঙ্গণেমোরের নতুন প্রযোজনা সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’ মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। প্রেমিকের হূদয় যদি পোড়ে একমাত্র ঈর্ষার আগুনেই পোড়ে। ঈর্ষায় যে পোড়েনি, প্রেম সে হূদয়ে ধরেনি, ঈর্ষা এক ঠাণ্ডা নীল আগুন। জীবনের সঙ্গে জীবন ও শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্বের এক অনন্য আয়োজন এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন—অনন্ত হিরা, নূনা আফরোজ ও রামিজ রাজু। এটি প্রাঙ্গণেমোরের অষ্টম প্রযোজনা। নাটকটির বিশেষত্ব হচ্ছে ৩টি মাত্র চরিত্র এবং মোট ৭টি সংলাপ। সবচেয়ে বড় সংলাপের দৈর্ঘ্য প্রায় ২৬ মিনিট ও সবচেয়ে ছোট সংলাপের দৈর্ঘ্য ১২ মিনিট। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।