টুইন টাওয়ারে হামলাকারী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকায় কোন এক বিধ্বস্ত বিমানের একটি ল্যান্ডিং গিয়ারের খণ্ডাংশ পাওয়া গেছে। গিয়ারটি নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলায় ব্যবহূত বিমানের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। লোয়ার ম্যানহাটনের দু’টি ভবনের মাঝে আটকে থাকা অবস্থায় গিয়ারের অংশটি পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। নিউইয়র্ক শহর পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, “ম্যানহাটনের বাণিজ্যিক এলাকার ৫০ মারি স্ট্রিট ও ৫১ পার্ক প্যালেসের মাঝের সঙ্কীর্ণ জায়গায় গিয়ারের অংশটি আবিষ্কৃত হয়। এতে বোয়িংয়ের সনাক্তকরণ নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে।” ব্রাউন জানান, এক নির্মাণকর্মী বুধবার পার্ক প্যালেস ভবনের পেছনের অংশ পরিদর্শন করার সময় গিয়ারের খণ্ডিত অংশটি দেখতে পান। মাটি থেকে একতলা পরিমাণ উঁচুতে অংশটি আটকে ছিল। পার্ক প্যালেস ভবনটি বিধ্বস্ত টুইন টাওয়ারের গ্রাউন্ড জিরো এলাকা থেকে দু’টি ব্লক পরে অবস্থিত। দু’টি ভবনের মাঝের এ অংশটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাউন। গিয়ারের খণ্ডিতাংশটিকে অপরাধ স্মারক হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দু’টি টাওয়ারে পরপর দু’টি যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় আত্মঘাতী সন্ত্রাসীরা। এতে বিশ্বের অন্যতম উঁচু ওই ভবন দু’টি ধসে পড়ে এবং প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়।