ভেনিজুয়েলায় মার্কিন গোয়েন্দা গ্রেফতার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩৪
ভেনিজুয়েলায় একজন মার্কিন গোয়েন্দা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার দায়ে বুধবার তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ভেনিজুয়েলার একজন কর্মকর্তা জানান, টিমোথি হ্যালেট ট্রেসি নামের এ গোয়েন্দা সদস্যকে কারাকাসের নিকটবর্তী বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা এজেন্ট দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ টরেস বলেন, আচার-আচরণ পর্যবেক্ষণ করে আমরা আন্দাজ করেছি আটক ব্যক্তি বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত। এছাড়া প্রশিক্ষিত হওয়ায় তিনি জানেন কীভাবে অনুপ্রবেশ করতে হয়, কীভাবে নিরাপত্তা তথ্য ও বিভিন্ন সূত্র ব্যবহার করতে হয়। তিনি বলেন, ওই গোয়েন্দা দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারা করছিলেন। যাতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের উছিলায় বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারে। এদিকে কর্তৃপক্ষ আরো অভিযোগ করেছে, ‘অপারেশন সভরিনটি’ নামের একটি প্রতিবাদী সংগঠনের সঙ্গেও তিনি জড়িত। এ সংগঠনের ব্যানারে সমপ্রতি শিক্ষার্থীরা প্রয়াত নেতা হুগো শ্যাভেজের স্বাস্থ্যের নানা তথ্য আরো প্রকাশের দাবি জানিয়েছিল। এছাড়া সংগঠনটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের দাবি বিষয়েও ছিল সোচ্চার। ট্রেসি ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জন্মগ্রহণ করেন।