বি.বাড়িয়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতার বাড়িতে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। আহত হয় ৫ নির্মাণ শ্রমিক। গত শুক্রবার সকালে শহরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ১৯৭৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সবজুল মোমিন তালুকদার সবুজের পিতা মোমিনুল হোসেন তালুকদার ৯ শতক জায়গা জনৈক শৈলদা সুন্দরী রায়ের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হন। এসময় তিনি ৪ শতক জায়গা দখলে পেলেও বাকি ৫ শতক দখল করে রাখেন প্রতিবেশী জহিরুল ইসলাম। এনিয়ে মোমিনুল হোসেন ১৯৯৫ সালের ২ এপ্রিল নিম্ন-আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি চলা অবস্থায় বাদীপক্ষ নিম্ন-আদালত, জজ কোর্ট ও উচ্চ আদালত থেকেও নিজেদের পক্ষে রায় পান। মহামান্য হাইকোর্টের নির্দেশে গত ২৩ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষকে জায়গাটির মালিকানা মোমিনুল হোসেনকে বুঝিয়ে দেন। এসময় বাড়িতে থাকা জহিরুল ইসলামের আত্মীয়দের উচ্ছেদ করা হয়। গতকাল শুক্রবার সকালে মোমিনুল হোসেন তার জায়গায় নতুন দেয়াল নির্মাণকালে সকাল পৌনে ১১টায় একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মামলা হয়েছে।