দশ বছর পর কেউ
তথ্য প্রযুক্তির বাইরে থাকবে না
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫১
দেশের বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেছেন, শিক্ষা শুধু সার্টিফিকেট তৈরি বা পাবার জন্য নয়, শিক্ষা হচ্ছে পেশা তৈরির জন্য। বাংলাদেশে গত কয়েক বছর নারী শিক্ষার উন্নয়ন যে কোন উন্নয়নশীল দেশের চেয়ে বেশি এবং তা গর্ব করার মত। তাই কোন মেয়েকে আর ঘরে বসিয়ে রাখা উচিত হবে না। তাদের সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিতে হবে। নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত গত শুক্রবার সকালে পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনকালে মোস্তফা জব্বার কম্পিউটার প্রযুক্তির বিস্তার প্রসঙ্গে আরো বলেন, বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে তথ্য প্রযুক্তির জন্য ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হচ্ছে। মোস্তফা জব্বার আরো বলেন, একটা সময় আসবে, তখন বই নিয়ে কেউ আর স্কুলে যাবে না। বই থাকবে ইন্টারনেটে। ইন্টারনেট থেকেই লেখাপড়া করা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালের মধ্যে প্রাইমারী শিক্ষার সবটাই ওয়েবসাইটে তিনি নিয়ে আসবেন। এজন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম এবং জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।