সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫১
কসবায় মেধাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে কসবা উপজেলা সমিতি, ঢাকা আয়োজিত মেধাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সমিতির সভাপতি মেজর (অব:) আবুল ফাতাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপত্বি মোহাম্মদ শাহ আলম এডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুঁইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, মোহাম্মদ সেলিম মাস্টার, সমিতির উপদেষ্টা আবু জামাল খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কাপাসিয়া মোড়ে শুক্রবার দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাবা ও ৮ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আরোহী একই উপজেলার ছাতড়া গ্রামের ময়নুল ইসলাম (২৭) ও আল-মামুন(৩৫) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কুন্তইল গ্রামের বিদ্যুত্ হোসেন (৩৫) ও তার মেয়ে নূরশাদ (৮)। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে ওসি জানান।
শ্যামনগরে ব্র্যাকের মাঠ দিবস পালিত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গত ২৬ এপ্রিল শ্যামনগর উপজেলার নূরনগর সরদার বিলে শেখ রাকিবুল্লার ব্লকে বোরো মৌসুমে ধানকাটা উদ্বোধন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ আলী হোসেন নিজ হাতে ধান কেটে এ উদ্বোধন করেন।
ঝিকরগাছার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
ঝিকরগাছা সংবাদদাতা\ শুক্রবার গভীর রাতে উপজেলার বোধখানা গ্রামের পশ্চিম পাড়ার নাছির উদ্দিনের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। শনিবার সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে ওঠা দেখে পুকুর মালিক মুর্ছা যায়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
নাগরপুরে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলা কিন্ডার গার্টেন উন্নয়ন সমিতির উদ্যোগে উপজেলা আন্তঃকিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ গতকাল শনিবার সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুদরত আলী।
ময়মনসিংহে শ্রমিক দলের মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি \ সাভারের রানা প্লাজায় ও গার্মেন্টসে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল। সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমুখ বক্তব্য রাখেন ।
বাজিতপুরে প্রয়াত রাষ্ট্রপতি স্মরণে মিলাদ মাহিফল
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার বিকেলে প্রয়াত রাষ্ট্রপতি এডভোকেট মোঃ জিল্লুর রহমান স্মরণে বাজিতপুর বাজারের এ.বি. ছিদ্দিক টাওয়ারে (আফজাল মার্কেট) শত শত মানুষের অংশগ্রহণে এক স্মরণসভা ও মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এডভোকেট এ.কে.এম শেখ নূরুন্নবী বাদল, প্রাক্তন এম.পি মঞ্জুর আহমদ বাচ্চু প্রমুখ।
টেকনাফে ৬ মালয়েশিয়াগামী আটক
টেকনাফ সংবাদদাতা\ টেকনাফে আবারো সাগর পথে মালয়েশিয়াগামী ৬ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টায় সাবরাং বিওপি বিজিবির নায়েক সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদে সাবরাং কচুবনিয়া মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৬ জনকে আটক করা হয়।
কিশোরগঞ্জে সম্মিলিত নারী সমাজের প্রতিবাদ সমাবেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি\ নারীকে গৃহবন্দি করে রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং হেফাজতে ইসলামের ১৩ দফা দাবীর প্রতিবাদে রাস্তায় নেমেছে কিশোরগঞ্জের নারী সমাজ। সম্মিলিত নারী সমাজের ব্যানারে শুক্রবার বিকালে শহরের কালী বাড়ি মোড়ে তারা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ সাদী, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অধ্যক্ষ গোলশান আরা বেগম, সিপিবি’র সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ চন্দ ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ।
বি. বাড়িয়ায় প্রতিবন্ধী শনাক্ত জরিপ প্রশিক্ষণ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার, ব্যক্তির সংখ্যা নির্ধারণ এবং প্রতিবন্ধীদের কল্যাণ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় সমাজসেবার জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. রইস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদ, সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি আল মামুন সরকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি।
সিংড়ায় হেফাজতে ইসলামের মতবিনিময়
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ হযরত মুহাম্মদ (সাঃ), নামাজ, রোজা ও আল্লাহর প্রতি অবমাননা এবং কটূক্তি করায় সংশ্লিষ্ট নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ এপ্রিল হযরত শাহ্ মাখদুম (রহঃ) এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশকে সফল করার জন্য সিংড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার।
মহেশপুরে আরডিসির উদ্বুদ্ধকরণ সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ শনিবার সকালে আরডিসির উদ্যোগে ফতেপুর গাজীরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জীবন দক্ষতা উন্নয়নের উপর ১ দিনের এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমান। বক্তব্য রাখেন আব্দুর রহমান, সাংবাদিক অধীর সরকার, শিক্ষিকা নাছিমা খাতুন, মাহবুবুর রহমান, দাউদ হোসেন প্রমুখ।
সারিয়াকান্দি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ আব্দুল মান্নান।
হোমনায় ৩ মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্র তানভিরের
হোমনা সংবাদদাতা\ তিন মাসেও খোঁজ মেলেনি হোমনার দুলালপুর চন্দমণি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. তানভির হোসেনের। গত ৩ ফ্রেব্রুয়ারি উপজেলার ঘাগুটিয়া থেকে লঞ্চযোগে ঢাকায় বাবার কর্মস্থলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। সে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামের মো. গিয়াস উদ্দিনের পুত্র। কোন সহূদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১৪২২৪৬৫৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মা হালিমা বেগম।
গৌরীপুরে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক বিজয়ীর সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাংলাদেশ গেমসে ২০০ মিটার ও ৪০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক ও ৪০০মিটার দৌড়ে ব্রোঞ্চ পদক বিজয়ী ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে সুস্মিতা ঘোষকে শুক্রবার সংবর্ধনা প্রদান করা হয়। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ প্রধান অতিথি হিসাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন।
দেবীগঞ্জে বাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা\ দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে বাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এ বছর ২৮ হাজার হেক্টর অনাবাদী জমিতে বাদাম চাষ করা হয়। বাদাম চাষ করতে অল্প সময় লাগে এবং এতে ঝামেলাও অনেক কম, বিক্রি করে লাভও হয় প্রচুর। তাই এখানকার কৃষকরা তাদের এতদিনকার আখ চাষ বাদ দিয়ে দিন দিন বাদাম চাষে ঝুঁকে পড়েছে।
কাহালুতে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিত্সা
কাহালু (বগুড়া) সংবাদদাতা\ গতকাল শনিবার দিনব্যাপী বগুড়ার কাহালু বিশ্ববিদ্যালয় কলেজে লায়ন্স ক্লাব অব ঢাকা ধানমন্ডি (জেলা-৩১৫এ১, বাংলাদেশ)-এর সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিত্সা সেবা প্রদান করা হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি বগুড়া ইউনিটের সভাপতি এড. রাফী পান্নার পৃষ্ঠপোষকতায় উপজেলার প্রায় ৮শ’ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিত্সা ও ওষুধ প্রদানসহ ১০০ জনকে ছানি অপারেশনের জন্য বেছে নেয়া হয়। চিকিত্সা সেবা প্রদান করেন লায়ন কর্নেল কাজী আশরাফ উদ্দিন আহমেদ পিএসসি (অবঃ), ডা. রেজাউল করিম ও ডা. ফরিদ উদ্দিন।
গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী
গাইবান্ধা প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে শুক্রবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে মিঠুন কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, মিহির ঘোষ, মাহমুদুল গনি রিজন, শরিফুল ইসলাম শরিফ, হাফিজুর রহমান দুদু, মোস্তাফিজুর রহমান বাঁধন প্রমুখ।
সান্তাহারে নেশার এ্যাম্পুল পুশকালে চিকিত্সকসহ গ্রেফতার ৩
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘির সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ শুক্রবার এক পল্লী চিকিত্সকসহ ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে এবং তাদের নিকট থেকে একটি সিরিঞ্জ ও ৮ এ্যাম্পুল নেশার ইনজেকশন উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজারের অছির উদ্দিনের পুত্র পল্লী চিকিত্সক আনোয়ার হোসেন (৩২), আদমদীঘির সান্দিড়া গ্রামের আব্দুল গফুর জোয়ারদারের পুত্র আমিনুল ইসলাম রনি (২৮) ও একই গ্রামের এমরাত হোসেন চাঁনের পুত্র একরামুল হক সুরুজ (২৭)।
সোনাতলায় আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠান
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত শুক্রবার সোনাতলা উপজেলার কামারপাড়া (মধ্যপাড়া) গ্রামের বিভিন্ন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। সাঈদুর রহমানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অনুষ্ঠানে প্রায় অর্ধশত ব্যক্তি প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
মদনে বজ্রপাতে নিহত ১, আহত ৩
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে শুক্রবার বিকেলে হালকা ঝড়ো হাওয়ার সময় আম কুড়াতে গিয়ে বজ পাতে ১জন নিহত ও ৩জন আহত হয়।
আম কুড়াতে গিয়ে অমিত (১০) নিহত হয় এবং পিয়েল (২০), রুমন (১৩), ইয়াছিন (১০) আহত হয়। আহতদের মধ্যে পিয়েল ও রুমনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রায়পুরায় বজ্রপাতে নিহত ২, আহত ৪
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় একই দিনে পৃথক স্থানে বজ্রপাতে তাঁত শ্রমিক সবুজ মিয়া (১৮) ও মালেক মিয়া (৪৫) নামে দুইজন নিহত হয়েছে। এসময় জাহানারা বেগম (৪২), হারুন মিয়াসহ (৪০) ৪জন আহত হয়। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিকভাবে চিকিত্সা দেয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার শিবপুর দক্ষিণপাড়া ও পিরিজকান্দী পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার ছনকা জজ মিয়া খেয়াঘাট নামক স্থানে শুক্রবার ক্যাফে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে জুলহাস নামে এক ব্যক্তি নিহত এবং দু’জন আহত হয়েছে।
সোনাতলায় বিদ্যুত্ লাইন নির্মাণ কাজের উদ্বোধন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বিদ্যুত্ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন। মোঃ নওয়াব আলী মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির জিএম আব্দুল্লা আল মামুন, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর হোসেন (প্রকল্প বিভাগ বগুড়া), উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি পত্নী সাহাদারা মান্নান প্রমুখ।
সাতকানিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ সাতকানিয়া থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ২৬ এপ্রিল উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলিনগর এলাকার বাসিন্দা আহমদ মিয়ার পুত্র ডাকাত আবু তাহের প্রকাশ আদাইয়ার বাড়ি হতে একটি দেশীয় তৈরি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি \ শাহরাস্তি উপজেলার উয়ারুক রেল স্টেশন এলাকায় শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে বিল্লাল হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ডুসুয়া গ্রামের বাসিন্দা।
মধুখালীতে নারীর ক্ষমতায়নের উপর মতবিনিময়
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে স্থানীয় আখচাষী কল্যাণ সংস্থার ভবনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে স্থানীয় মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা পরিষদের সহ-সভানেত্রী রিজিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক মধুখালী বার্তার সম্পাদক ও পরিষদের উপদেষ্টা অ্যাড. মানিক মজুমদার, প্রেসক্লাব মধুখালীর সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মধুখালী কণ্ঠের সম্পাদক গোলাম কিবরিয়া মোর্শেদা আক্তার প্রমুখ।
মিঠাপুকুরে পাট চাষিদের কর্মশালা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ পাট অধিদপ্তর, মিঠাপুকুর-এর আয়োজনে শুক্রবার সকাল থেকে ১০০ জন পাটচাষিকে আধুনিক পদ্ধতিতে পাট ও পাটবীজ উত্পাদন, উন্নত পাট পচন ও পাটের শ্রেণিবিন্যাস ইত্যাদি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তর এর প্রকল্প পরিচালক ড. মংগল চন্দ্র চন্দ।
গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান নাহিদ (৮) কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করছিল এবং সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। এলাকাবাসী সূত্রে, গত শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীমন্তপুর গ্রামে তার নানীর বাড়ি বেড়াতে গিয়ে বন্ধুদের সাথে পদ্মা নদীতে দুপুর ১টার দিকে গোসল করতে গেলে পা পিছলে নদীর তলদেশে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এক ঘণ্টা অভিযান চালিয়ে জাহিদ হাসান নাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করে। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
নন্দীগ্রামে অন্ধ কল্যাণ সমিতির চক্ষু শিবির
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি বগুড়া ইউনিটের চেয়ারম্যান এড.রাফি পান্নার উদ্যোগে গত ২৬ এপ্রিল নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা মূল্যে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।