বর্ষার পূর্বেই কমলগঞ্জের ধলাই
নদীর বাঁধ মেরামতের দাবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫৩
দীর্ঘ অনাবৃষ্টিতে নদী শুকিয়ে গেলেও থেমে থাকেনি নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গন। গত কয়েক মাস যাবত্ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কটু গ্রামে ধলাই নদীর পশ্চিম পারে প্রতিরক্ষা বাঁধে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমের পূর্বেই দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী ছয়কটু গ্রাম এলাকায় পশ্চিম পাড়ে বাঁধের মাটি ধসে পড়ে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। নদীর নিচে অল্প পরিমাণ পানি থাকলেও প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হচ্ছে। অচিরেই ধলাই নদীর ভাঙ্গনকৃত বাঁধ মেরামত না হলে বর্ষা মৌসুমে নদীর পানি বেরিয়ে কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে চাষাবাদকৃত আউস, আমন ও শাক সবজি পানিতে তলিয়ে যাবে এবং কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হবেন। দ্রুত ভাঙ্গনকৃত বাঁধ মেরামত না হলে ছয়কটু গ্রামের কয়েকটি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ধলাই নদীর ভাঙ্গনকৃত বাঁধ নির্মাণের জন্য মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে পাউবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে।