সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় চীন সরকারের শোক

সাভারে ভবন ধসের কারণে বিপুলসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চীন সরকার। চীনের প্রধানমন্ত্রী লি কেজিয়াং শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে চীন সরকার ও জনগণের পক্ষে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ এই বিপদসংকুল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারবে বলে চীনা প্রধানমন্ত্রী চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছে পাঠানো অপর এক চিঠিতে সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।