আরও ২৯ জনকে জীবিত উদ্ধার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২২:৫১
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গতকাল শনিবার আরো ২৯ জন জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এ ২৯ জনের অবস্থা গুরুতর। তাদের তাত্ক্ষণিকভাবে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে একটি কক্ষে আরো ৩৫ জন উদ্ধারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা তাদের অক্সিজেন, পানি ও ফলের জুস সরবরাহ করেছে। উদ্ধার করার সুড়ঙ্গ আরো বড় আয়তনে খোঁড়ার কাজ চলছে। সুড়ঙ্গ বড় হলেই তাদের বের করে আনা হবে।
বিকাল সাড়ে ৫টার দিকে একজন উদ্ধারকর্মী জানান, ভবনের তৃতীয় তলায় পেছনের সিঁড়ির দিকে এখনো ৩৫ জন জীবিত রয়েছেন বলে তারা সন্ধান পেয়েছেন। তবে ওইখানে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। একারণে সরু পাইপ দিয়ে সেখানে অক্সিজেন ও পানি সরবরাহ করা হয়েছে। এই ৩৫ জনকে উদ্ধারের জন্য উপর থেকে তৈরি করা সুড়ঙ্গটি বড় করা হচ্ছে। একই সাথে পাশ দিয়ে প্রবেশ করার জন্যও ভেঙ্গে পড়া ছাদের নিচে জ্যাক লাগানো হচ্ছে। আশা করা যাচ্ছে গভীর রাত হলেও তাদের উদ্ধার করা সম্ভব।