সোহেল রানা কখনোই গ্রেফতার হবে না
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২২:৫২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সোহেল রানা আওয়ামী লীগের কোনো দলীয় নেতাকর্মী নয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্য দেশদ্রোহিতার শামিল। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভাসানী ভবনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। এমকে আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদের মতো একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি সোহেল রানাকে তার দলের কর্মী বলে অস্বীকার করেছেন। কিন্তু সংবাদ মাধ্যম এর সত্যতা প্রমাণ করেছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসের পোস্টারে রানা যে যুবলীগ কর্মী এটা অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সোহেল রানাকে বাঁচানোর চেষ্টা করছে। সোহেল রানা কখনোই গ্রেফতার হবে না। কারণ, সরকারের কোনো বিশেষ জায়গায় তিনি নিরাপদে আছেন। বিএনপির রুহুল কবীর রিজভী, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাইফুল ইসলাম টিপুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
সভায় এমকে আনোয়ার আরও বলেন, সাভারে ভবন ধসের ঘটনায় হতাহতদের উদ্ধারে নিয়োজিতরা বার বার মিডিয়ার সামনে আকুতি জানিয়ে উদ্ধার কাজে ব্যবহারে অতি প্রয়োজনীয় যন্ত্রের জন্য আবেদন জানানোর পরও সরকার তা দিতে পারছে না। এটাই তাদের ব্যর্থতা। কারণ, জনগণের জন্য সংরক্ষিত টাকা তারা যুবলীগ, ছাত্রলীগের মাঝে ভাগ করে দিয়েছেন, নিজস্ব দলীয় কাজে ব্যবহার করেছেন - যার কারণে এই ভয়াবহ মুহূর্তেও তারা জনগণের জীবন রক্ষায় কিছুই করতে পারছে না।
সভায় আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া (এমপি), অধ্যক্ষ বাহার উদ্দিন বাহার প্রমুখ।