মোশাররফকে অবমাননা করায় পাক সেনা কর্মকর্তারা ক্ষুব্ধ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের সঙ্গে অবমাননাকর আচরণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির এক দল সেনা কর্মকর্তা। তারা মোশাররফের গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে দেশটির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফকে সাব জেলে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। খবর ডন-এর। শুক্রবার পার্লামেন্টে কর্নেল সাকিব আলী চিমার নেতৃত্বে কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ৭৫ জনের একটি প্রতিনিধি দল প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা উত্পাদন সংক্রান্ত সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ানম্যান মুশাহিদ হোসাইন সাইদের সঙ্গে সাক্ষাত্ করেন। মোশাররফের গ্রেফতারে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান। সেনা কর্মকর্তারা বলেন, সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সমালোচনা করা যায় না। সিনেটর হোসাইন তাদের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে আমরা গর্বিত। সংবিধান অনুযায়ী বিচার বিভাগ এবং সেনাবাহিনী জাতীয় প্রতিষ্ঠান যাদের নিয়ে কোনো ধরনের সমালোচনা করা উচিত হবে না। গতকাল শনিবার বেনজির হত্যা মামলায় গঠিত তদন্ত কমিটি সাব জেল ঘোষণা করা মোশাররফের বাগানবাড়িতে যায়। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অতিরিক্ত মহাপরিচালক খালিদ কোরেশির নেতৃত্বে কমিটি বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে মোশাররফকে জিজ্ঞাসাবাদ করেন। ১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে দীর্ঘ চার বছর নির্বাসনের পর গত মাসের ২৩ তারিখে স্বেচ্ছায় দেশে ফেরেন তিনি। তিনি চারটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সবগুলোই নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি দুটি মামলায় আটক আছেন।