বরিশাল-ঢাকা নৌ-রুটে আজ চালু হচ্ছে বে-ক্রুজার
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০১
বরিশাল-ঢাকা নৌ রুটে আজ রবিবার চালু হচ্ছে বিলাস বহুল এক্সপ্রেস সার্ভিস বে-ক্রুজার। সকাল সাড়ে ৭ টায় যাত্রী নিয়ে নৌ-যানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকাল ২ টায় ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হবে। ডে সার্ভিসে এ নৌ যানটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। দ্রুতগামী আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত নৌ-যানটির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরীর একটি রেস্তোরাঁয় গতকাল শনিবার কোম্পানির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আজ বে-ক্রুজার যাত্রা শুরু করবে। ২৫২ আসন বিশিষ্ট নৌযানটিতে তিন শ্রেণীর আসন রয়েছে। এগুলোর নাম দেয়া হয়েছে রজনীগন্ধা, হাসনা হেনা ও কৃষ্ণচূড়া। জনপ্রতি যাত্রীভাড়া কৃষ্ণচূড়ায় ১২শ’ টাকা, হাসনা হেনায় ১ হাজার ও রজনীগন্ধা শ্রেণীতে ৮শ’ টাকা। জাহাজটি সমুদ্রগামী ক্লাসের বিধায় এতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)সহ সকল আধুনিক নেভিগেশন ব্যবস্থা রয়েছে। দক্ষিণাঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় নৌযান বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
দিনের আলোয় চলাচলকারী এ নৌযানে সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। এ নৌযানের সর্বোচ্চ গতিসীমা ২৮ নটিক্যাল মাইল। অর্থাত্ ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে নদীর বুকে চলতে পারে এ নৌযানটি। নৌযানের তলদেশ দুই ভাগে বিভক্ত থাকায় স্রোত ও গতির ভারসাম্য সুরক্ষিত থাকে বলে কর্তৃপক্ষ জানায়। নৌযানটিতে ভেরি হাই ডেফিনেশন (ডিএইচ) ও দুর্যোগ কোন দিক থেকে আসছে তা আগেই জানিয়ে দেয়ার জন্য রয়েছে ডিরেক্টরী ফাইন্ডিং (ডিএফ)। এ ধরনের জাহাজ এটাই বাংলাদেশে প্রথম বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও নৌ-বাহিনীর কর্মকর্তারা যৌথ ভাবে এ নৌযানটি পরিচালনা করছেন।
বিআইডব্লিউটিএ’র রুট-পারমিট নিয়ে জাহাজটি পরিচালনার জন্য লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান যাত্রী পরিবহন সংস্থার সাথে আলোচনা সাপেক্ষে ঢাকা-বরিশাল রুটে নৌযানটি যুক্ত করা হয়েছে।
সম্মেলনে জাহাজের বিভিন্ন দিক তুলে ধরেন বে-ক্রুজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান লে. জেনারেল (অবঃ) জহিরুল আলম। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অবঃ) আজুিল আশরাফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন লে.কর্নেল (অবঃ) নাসির আহমেদ, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। লে. জেনারেল (অবঃ) জহিরুল আলম জানান, এ রুটে সাফল্য পেলে এ ধরনের আরো নৌযান তারা যুক্ত করবেন।