চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ চারতলা ভবন সিলগালা

নগরীর আগ্রাবাদ এলাকায় জেকস নামের ঝুঁকিপূর্ণ একটি চারতলা ভবন সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি সিলগালা করে দেয়ার সিদ্ধান্ত হয়। বিকেলেই অভিযান দলটি সেখানে উপস্থিত হন। এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম আবদুল কাদের। এসময় দোকান মালিকরা মালামাল সরানোর জন্য দু’দিন সময় চান। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের সময় দিতে অপারগতা প্রকাশ করে ভবনের দু’টি গার্মেন্টস কারখানা, বীমা কোম্পানির অফিসসহ ৩২টি দোকান সিলগালা করে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এসময় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য ভবনটি ঘিরে রাখে। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের সাংবাদিকদের জানান, এটি কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা নয়, ঝুঁকিপূর্ণ হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে ভবনটি সিলগালা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সাভারের মত দ্বিতীয় কোনো ট্র্যাজেডি যেন না ঘটে, এজন্য ভবনটি দ্রুত সিলগালা করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ভবনে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হবে বলে তিনি জানান।