আজ রাজশাহী ও বরিশাল বিভাগে জামায়াতের আধাবেলা হরতাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী ও বরিশাল বিভাগসহ চট্টগ্রাম ও কক্সবাজারে আজ রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে। বরিশাল বিভাগের হরতালে বিএনপি সমর্থন দিয়েছে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এ হরতালের আওতায় পড়বে না। এইচএসসি ও সমমানের পরীক্ষা এ হরতালের আওতামুক্ত থাকবে। ইত্তেফাকের রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম অফিসের পাঠানো খবর। রাজশাহী অফিস জানায়, সংগঠনটির রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেমকে গ্রেফতার এবং চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে শিবির কর্মী আজগর নিহত হওয়ার প্রতিবাদে বিভাগের ৮ জেলার আমীরদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই হরতাল আহবান করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো গতকাল শনিবার ই-মেইলে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল অফিস জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলালের মুক্তির দাবিতে আজ রবিবার বিভাগে আধাবেলা হরতাল ডাকা হয়েছে। জামায়াতের ডাকা এ হরতালের পক্ষে বিএনপি ও ১৮ দলের সর্বাত্মক সমর্থন রয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি জানান। হরতাল সফল করার লক্ষ্যে গতকাল শনিবার শিবির কর্মীরা মিছিল বের করলে সদরের ফলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। চট্টগ্রাম অফিস জানায়, দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার ও সরকারের অব্যাহত দমন নির্যাতনের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান হরতালের আওতায় পড়বে না বলে জানিয়েছেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ ।