মদীনা সনদ নারী নেতৃত্ব সমর্থন করে না

১৩ দফাই মদিনা সনদ দাবি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. জুনায়েদ আহম্মেদ বলেছেন, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী মদিনা সনদ মতে দেশ চললে তাকেই আগে গদি ছাড়তে হবে। কারণ ওই সনদ নারী নেতৃত্ব সমর্থন করে না। গতকাল শনিবার বিকালে যশোরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি মুখে বলছেন মদিনা সনদের কথা আর কাজে করছেন ভারতের সনদ। এক মুখে দুই কথা মুনাফেকি। তিনি বলেন, হেফাজতের বিপক্ষে নারীদের মাঠে নামালে সরকারের উপর গজব নাজিল হবে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নাস্তিকদের মুখোশ উন্মোচন করায় সরকার তাকে গ্রেফতার করেছে। অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়। হেফাজতে ইসলামের ১৩ দফা না মানলে ৫ মের পর সরকারের মন্ত্রীরা দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবে না বলে অন্য বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের পতনের দরজা এখন থর থর করে কাঁপছে। একটু ধাক্কা দিলেই খসে পড়বে। আগামী ৫ মের আগে সরকার হেফাজতের দাবি না মানলে সরকারকে চূড়ান্তভাবে ধাক্কা দেয়া হবে। মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হেফাজতে ইসলামের কেন্দ ীয় নেতা মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রমুখ।