মঙ্গলবারের মধ্যে স্পিকার নির্বাচন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৬
দুই দিন বিরতির পর আজ রবিবার বিকাল সোয়া ৫টায় আবার জাতীয় সংসদের চলতি অধিবেশন বসছে। সংবিধান অনুযায়ী স্পিকারের শূন্য পদ পূরণের জন্য চলতি অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন করতে হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি ১৭তম অধিবেশন আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। নবম জাতীয় সংসদের নির্বাচিত স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত বুধবার স্পিকারের পদটি শূন্য হয়েছে। সংবিধানে স্পিকার পদ শূন্য হলে সাত দিনের মধ্যে তা পূরণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নতুন স্পিকার মনোনয়ন দেয়ার বিষয়ে গতকাল শনিবার পর্যন্ত সরকারি দল কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তবে আজকালের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সংবিধানের ৭৪ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন, এবং এ দু’টি পদের যে কোনটি শূন্য হলে সাত দিনের মধ্যে কিংবা ঐ সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবেন।’ বর্তমানে সংসদ অধিবেশন চলছে। আর সে কারণে সংবিধানের নির্দেশনা অনুযায়ী আগামী মঙ্গলবারের মধ্যে স্পিকার নির্বাচন করতে হবে।
চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, নতুন স্পিকার নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু বিবেচনায় নিয়ে আলোচনা চলছে। চলতি নবম সংসদের অবশিষ্ট নয় মাসের জন্য স্পিকার পদটি খুবই গুরুত্বপূর্ণ। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। আজকালের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে।