শ্রমিকদের আইনি সহায়তা দিতে সেল খোলা হয়েছে

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, শ্রমিকদের আইনি সহায়তা দিতে সরকার আইনগত সহায়তা সেল খুলেছে। পহেলা মে থেকে যেসব শ্রমিক বিনা কারণে চাকরিচ্যুত হবেন বা মালিকের কাছে টাকা পাওনা থাকবে তাদেরকেই আইনগত সহায়তা দেয়া হবে। জাতীয় আইনগত সহায়তা দিবসকে সামনে রেখে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইন মন্ত্রণালয় ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, শ্রমিকদের আইনি সহায়তা দেয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাদেরকে আইনি সহায়তা দিতে এ সহায়তা সেল খোলা হয়েছে। তিনি আরো বলেন, অবহেলাজনিত কারণে কারো মৃত্যু হলে প্রচলিত আইনে যাবজ্জীবন দণ্ডের কথা বলা আছে। তবে এর অধিক শাস্তি চাইলে দণ্ডবিধির ৩০২ ধারা আনতে হবে। সাভারে ভবন ধসে ব্যাপক হতাহতের মত দুঃখজনক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই ব্যাপারে সবাইকে মন্ত্রী সতর্ক থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে বিচার-বিশ্লেষণ করে আইন সংশোধন করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, আইনগত সহায়তা প্রদান সংস্থা গত ৪ বছরে ৪৮ হাজার ৪৪৪ জন দুস্থ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছে। এর মধ্যে ২২ হাজার ৭১৮ জন নারী, ২৫ হাজার ৪৮৪ জন পুরুষ এবং ২৪২ জন শিশু রয়েছেন। এই সময়ের মধ্যে ১৯ হাজার ১০টি মামলার নিষ্পত্তি হয়েছে। অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।