শেয়ারবাজারের লেনদেন টানা ৬ দিন দুইশ’ কোটির নিচে

রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে শেয়ারবাজারের লেনদেন ব্যাপকভাবে কমে গেছে। এরই ধারাবাহিকতায় টানা ৬ দিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হচ্ছে দুইশ’ কোটি টাকার নিচে। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১১২ কোটি টাকা। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। লেনদেন কমার পাশাপাশি গতকাল বাজারে সূচকেও বড় ধরনের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৯ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৪ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৩২ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাত ও সাধারণ বীমা খাতে প্রত্যাশা অনুযায়ী আয় করতে না পারায় এ খাতের শেয়ারের দামের উপর প্রভাব পড়েছে। বস্ত্র খাতের শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৭৪ শতাংশ। এছাড়া সাভার ট্রাজেডি ও রাজনৈতিক অস্থিরতার কিছু প্রভাব রয়েছে গোটা শেয়ারবাজারে। কোম্পানি ভিত্তিতে গতকাল সবেচেয়ে বেশি দরপতন হয়েছে গ্লোবাল হেভি ক্যামিকেলের। কোম্পানিটির দাম কমেছে ১৩ দশমিক ৭৮ শতাংশ। আর ন্যাশনাল হাউজিংয়ের দর কমেছে ১১ দশমিক ২১ শতাংশ। ডিএসই’র তথ্যে জানা গেছে, গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি ক্যামিকেল ও স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে স্কয়ার টেক্সটাইল ১৮ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। আর গ্লোবাল হেভি ক্যামিকেল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।