ফতুল্লায় ক্যাশিয়ারকে গুলি করে টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আকিজ টোব্যাকো কোম্পানির ক্যাশিয়ারকে গুলি করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ফতুল্লার রামারবাগ আয়েশা মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ আয়েশা মঞ্জিলের নিচতলায় আকিজ গ্রুপের টোব্যাকো (সিগারেট) কোম্পানীর অফিস থেকে ক্যাশিয়ার রিপন, দু’জন কর্মকর্তা শাহআলম ও আসাদ ৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বের হন। এসময় অফিসের বাইরে ড্রাইভার রাজু ও ভ্যানচালক আবু সাঈদ ছিলেন। প্রতিষ্ঠানের আর এস শাহ আলম জানান, তিনি ভবন থেকে বের হওয়ার পরেই দু’টি মোটর সাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ক্যাশিয়ার রিপনসহ অন্যরা বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে ছিনতাইকারীরা। রিপনের পায়ে একটি গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।