গাজীপুরে স্বতন্ত্র ওয়ার্ডের দাবিতে বিক্ষোভ

নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন হাড়িনাল-নোয়াগাঁও- লাঘালিয়া মৌজাকে ভেঙ্গে ২৮ ও ২৯ নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং স্বতন্ত্র ওয়ার্ড করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই সব এলাকার সহস্রাধিক বাসিন্দা রাজবাড়ি সড়কে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ওই সড়ক সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা এসকে জবি উল্লাহ, স্বতন্ত্র ওয়ার্ড বাস্তবায়ন কমিটির আহবায়ক শরিয়ত উল্লাহ, সদস্য সচিব শাকিক আহমেদ বুলবুল, দীপা চৌধুরী, ওসমান মোল্লা, নজরুল ইসলাম, কাজী কামরুজ্জামান বিপ্লব প্রমুখ।